বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝুট ব্যবসা নিয়ে দণ্ড

ফতুল্লায় শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

ফতুল্লায় শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে অন্তত এক ঘণ্টা চলে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, স্থানীয় যুবদলের দুটি পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়। একটি পক্ষ গত ১৮ মাস ধরে একটি কারখানার ঝুট নামাচ্ছিল। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে।

আহতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপির কর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩)। আহতদের মধ্যে ইমরান মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

শিশুটির বড় বোন ইশা মনি বলেন, ‘বাড়ির পাশে মাদ্রাসা থেকে ফেরার পথে ইমরানের পেটের বা পাশে গুলি লাগছে। অনেক রক্ত বের হইছে। তারে ওটিতে নেওয়া হয়েছে। ডাক্তার বলছে, আট ব্যাগ রক্ত লাগবে।’

এ ঘটনায় আহত অপর দুজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের’ ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীরা। এ নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মাসুদুরের পক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব রাসেল মাহমুদও কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘর্ষের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

মাসুদুর রহমানের পক্ষের এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা সাংবাদিকদের বলেন, ‘মশিউর রহমান রনির অনুসারী এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খাইরুল আলম জসিম ও যুবদল কর্মী অভিসহ লোকজন কারখানার সামনে অবস্থান নিয়ে রাখে। অপর যুবদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে তার অনুসারীরা সেখানে পৌঁছালে হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘আমার উপরে হামলা চালানো হয়। আমারে বাঁচাতে গেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়।’

এ বিষয় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানাটি থেকে আজ ঝুট নামার কথা ছিল। কারখানাটি থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন, তাদের উপর হামলা চালানো হয়। তবে ঘটনাটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক। আর এতে আমি কোনোভাবে জড়িত নই, আমি ঘুম থেকে উঠে ঘটনাটি জেনেছি।’

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ‘কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.