বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

থ্রি-হুইলারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

থ্রি-হুইলারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু,  সড়ক অবরোধ

বরিশালে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকা। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এতে শহরের গুরুত্বপূর্ণ বি.এম কলেজ সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা সহপাঠী চৈতির মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত বুধবার স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া থ্রি-হুইলারের ধাক্কায় গুরুতর আহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী চৈতি। পরে তাকে দ্রুত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগও তুলেছেন শিক্ষকরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান, বিদ্যালয়ের সামনে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন, ঘাতক থ্রি-হুইলার চালকের গ্রেফতার এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসকদের শাস্তি নিশ্চিত করা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে সড়ক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নগরীর ব্যস্ত সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং হাসপাতালের সেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। শিক্ষার্থীদের এই প্রতিবাদ সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিকে আরও জোরালো করে তুলেছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.