কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের একদল পর্যটককে তাৎক্ষণিক অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। লুট হওয়া অধিকাংশ মালামালও উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি পরিবারসহ বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে একটি কাঠের বোটে সমুদ্রপথে ভ্রমণে বের হন।
কোস্ট গার্ডের নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। এ সময় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামালও উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









