শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাঘাইছড়িতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

বাঘাইছড়িতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীপতলী ব্রীজ সংলগ্ন এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নেতৃত্বে ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপস অফিসার) এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসসহ একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ৩-৪ জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি, খালি খোসা, দেশীয় একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: একটি ৭.৬৫ বোর বিদেশি পিস্তল (চায়না), একটি ৭.৬২ মিমি তাজা গুলি, ৯টি খালি খোসা, একটি পিস্তল ক্যারিয়ার ব্যাগ, একটি পুরাতন পিস্তল কভার, একটি দেশীয় একনলা বন্দুক, ৭টি একনলা বন্দুকের খালি খোসা, ৫টি চাইনিজ চাপাতি (বড় ২টি, ছোট ৩টি), ২টি দেশীয় লোহার হাসুয়া দা, একটি লোহার হাতুড়ি, একটি গুলতি, ২৬টি কাঁচের মার্বেল, ৫টি স্টিলের মার্বেল এবং একটি পুরাতন স্কুল ব্যাগ।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.