নওগাঁর সাপাহারে এক ভুক্তভোগীর বসতবাড়ির গোসলখানা ভাঙচুর এবং মূল ফটকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৯ এপ্রিল ভুক্তভোগী মোঃ সেলিম রেজা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে গত ০৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের পদলপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোটপাড়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সেলিম রেজা (৩২) পৈতৃক ও ক্রয় সূত্রে পদলপাড়া/১৬৪ মৌজাস্থ ৭১ শতাংশের মধ্যে ১৫ শতাংশ সম্পত্তির মালিক হয়ে গত ২০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি গত দুই বছর আগে পাকা বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষ মোঃ আব্দুর রহিম (৫০) ও তার সঙ্গীরা ওই জমির মালিকানা দাবি করে সেলিম রেজাকে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল সকালে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে সেলিম রেজার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোসলখানা ভাঙচুর করে এবং বাড়ির মেইন গেটে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেয়। এতে সেলিম রেজার পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে সেলিম রেজা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
এ ঘটনায় অভিযুক্ত পক্ষের অব্দুর রহিমের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও যাতায়াতের পথ নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









