সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে চেয়ারম্যানের বাড়ির গোডাউন থেকে ছয় ব্যারেল ডিজেল জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আইন অনুযায়ী অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল বর্তমানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত এই ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তবে ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘেরে পানি সেচ এবং দুইটা ডেকু মেশিন সচল রাখতে প্রতিদিন তার গড়ে প্রায় ৭০০ লিটার পর্যন্ত জ্বালানির চাহিদা থাকে। সেই হিসেবে জব্দকৃত ১ হাজার ২০০ লিটার তেল মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদার সমান।
চেয়ারম্যানের দাবি, কাজের ধারাবাহিকতা রক্ষায় মাত্র এক দিনের জ্বালানি আগাম সংগ্রহ করে রাখা কোনোভাবেই আইনত অন্যায় বা অসাধু মজুতদারি হতে পারে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









