কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার সংযোগকারী গড়াই নদীর ওপর নির্মিত ‘সৈয়দ মাস-উদ রুমী সেতু’ থেকে টোল আদায় চিরস্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের আগে এলাকাবাসী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে বিভিন্ন শ্লোগান দেন। স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে শাকিল আহমেদ তিয়াসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে সেতুটিতে টোল আদায় শুরু হলেও এর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এসেছে। অথচ জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে রাখা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে -২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি থেকে টোল আদায়ের নামে নির্মাণব্যয়ের চেয়ে ৩-৪ গুণ বেশি রাজস্ব আদায় করা হয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে ছাত্র-জনতার দাবির মুখে সেতুটিতে টোল আদায় বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে স্বস্তি এনেছে। এই সেতু ব্যবহারকারী খেটে খাওয়া মানুষ, যারা ভ্যান, অটোরিকশা, সিএনজি বা মোটরসাইকেলে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য টোল প্রদান অত্যন্ত কষ্টসাধ্য।
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে শাকিল আহমেদ তিয়াস সাংবাদিকদের বলেন, “আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছি, যাতে এই সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করা হয়। জেলা প্রশাসক একজন আন্তরিক মানুষ, আমরা আশাবাদী তিনি জনস্বার্থে এই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









