‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) শামিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী অফিসার শফিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, এবং জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার মোট ২৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের সৃজনশীল উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আধুনিক প্রকল্প উপস্থাপন করে, যা মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো পর্যবেক্ষণ করে তাদের মেধা ও শ্রমের ভূয়সী প্রশংসা করেন। দুই দিনব্যাপী এই মেলা ১৬ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









