বগুড়ার সারিয়াকান্দিতে অসাধু চক্রের মজুতকৃত ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেল প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার (১৫ এপ্রিল) রাতে সারিয়াকান্দি পৌর এলাকার টিপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস লোপা এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, লোপা এন্টারপ্রাইজের টিনশেড গুদামে অবৈধভাবে ট্যাংক ও ড্রাম ভর্তি করে প্রায় ৪ হাজার লিটার ডিজেল মজুত রাখা হয়েছিল। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহায়তা করেন।
বর্তমানে বোরো ও রবি মৌসুমের সেচ কাজের গুরুত্ব বিবেচনা করে প্রশাসন জব্দকৃত ডিজেল সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস জানান, অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে আমরা কৃষকদের মাঝে বাজার মূল্যে বিক্রি করেছি। বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এবং কৃষকের কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









