দীর্ঘ শিক্ষকতা জীবনের হাজারো ছাত্রের স্মৃতিতে যিনি অম্লান, পটুয়াখালীর মির্জাগঞ্জবাসীর কাছে যিনি ছিলেন শ্রদ্ধেয় ‘কাজী হুজুর’-সেই এ বি এম আতহার আলীকে দুই দফা জানাজা শেষে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে তার এই চলে যাওয়ায় নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কর্মস্থল ও প্রিয় আঙিনায় শেষ বিদায়
মরহুমের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ছিল অত্যন্ত আবেগঘন। বৃহস্পতিবার রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। যে আঙিনায় তিনি বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়েছেন, সেখানেই তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সাবেক ছাত্ররা।
তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন প্রকৃত অভিভাবক। শিক্ষকতায় অনন্য অবদানের জন্য তিনি একসময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় গ্রামের বাড়ি চতরা ওলামা মঞ্জিল দ্বীনিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তার কর্মময় জীবন, সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সাংবাদিক সংগঠন ও বিশিষ্টজনদের শোক
ঢাকা মেইলের চিফ রিপোর্টার ও ডিআরইউর সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিনের বাবার মৃত্যুতে দেশের সাংবাদিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি), শিপিং রিপোর্টার্স ফোরাম, হেলথ জার্নালিস্ট'স বাংলাদেশ, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শোকবার্তা দিয়েছে।
এছাড়াও ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম ও মির্জাগঞ্জ উপজেলা জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মিডিয়া সেল থেকে শোক বার্তায় গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট'স ফোরাম, মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট'স ওয়েব, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকেও আলাদা শোক বার্তা দেয়া হয়েছে।
এদিকে সহকর্মীর পিতার মৃত্যুতে ঢাকা মেইলের সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক হারুন জামিল শোক প্রকাশ করেছেন। সব সহকর্মীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ বি এম আতহার আলীর শরীরে কোলন ক্যান্সার শনাক্ত হওয়ার পর গত ২ এপ্রিল ধানমন্ডির প্রফেসর ফজলুল হক কলোরেক্টাল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ এবং সর্বশেষ ১১ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এ বি এম আতহার আলী কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাবেক নিকাহ রেজিস্ট্রার (কাজী)। শিক্ষকতা জীবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া এই মানুষটি তার বিনয়ী স্বভাব ও আদর্শের জন্য এলাকায় ‘কাজী হুজুর’ হিসেবে সর্বজনবিদিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আটসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









