বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ফুলতলা উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিস লাইনের সংযোগের কাজ করতেন। এ ঘটনায় স্বাধীন (১৮) ও নিরব (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামলাকারী ও হতাহত উভয় একই বয়সী। তারা একে-অপরের বন্ধু। গত দুদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বিরকে পেয়ে পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ছুরিকাহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্বাধীন ও নিরবের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তারা। পরিবারের সদস্যরা তাদের প্রথমে স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘনিহত সাব্বিরের বাবা মোস্তফা হোসেন জানান, সন্ধ্যার পর সাব্বিরের এক বন্ধু তাকে জানায়, তার ছেলেকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি জানতে পারেন, সেখান থেকে সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সাব্বির মারা গেছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়, এতে তিনি নিহত হন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে, প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









