মানিকগঞ্জে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। এ হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপারা ইউনিয়নের বনপারিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দৈনিক এদিনকে জানায়, বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে বনপারিল (কান্দুরপার ব্রীজ) এলাকা থেকে স্থানীয় দুদুল মিয়ার ৮ বছর বয়সী শিশু কন্যা আতিকা নিখোঁজ হয়। তার নিখোঁজ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং এলাকায় মাইকিং করা হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও সন্ধান মেলেনি আতিকার। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের এক ভুট্টা খেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ খুঁজে পায় এলাকাবাসী।
এদিকে, এ হত্যাকাণ্ডের সাথে জরিত থাকার অভিযোগে বাবা-ছেলেসহ ৩ জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। গণপিটুনিতে স্থানীয় অটোচালক পান্নু মিয়া এবং তার ছোট ভাই ফজলু নিহত হন এবং পান্নু মিয়ার ছেলে নাজমুলকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সাথে থাকা স্বর্ণালঙ্কার লুট করার উদ্দেশে প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়েছে শিশুটিকে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটি ও গণপিটুনিতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে গণধোলাইয়ের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









