নীলফামারীর সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের উদ্যোগে এক জমজমাট মিনিবার প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সৈয়দপুর রসুলপুর হরিজন পল্লীর ঐতিহ্যবাহী একতা স্পোর্টিং ক্লাব এবং নীলফামারীর হরিজন ক্লাব।
খেলাটি আয়োজন করে একতা স্পোটিং ক্লাব যার সার্বিক তত্বাবধানে ছিলেন হরিজনদের কৃতি ফুটবলার এবং সৈয়দপুর ফুটবল একাডেমীর গোলরক্ষক দ্বীপক।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সৈয়দপুরের ঐতিহ্যবাহী ফিদা আলী মাঠে অনুষ্ঠিত ওই খেলা উপভোগ করতে শত শত দর্শক উপস্থিত হন। পুরো খেলাটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে একতা স্পোর্টিং ক্লাব ২-০ ব্যবধানে নীলফামারী হরিজন ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী মো. ভলু, মেরাজ, নওশাদ, নওশাদ আনসারী, উকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী রুবেল বাসফোর। খেলার সঞ্চালনায় ছিলেন মো. রাজা।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বাসফোর, সহ-সাধারণ সম্পাদক শ্রী টেংকু বাসফোর, কোষাধ্যক্ষ শ্রী অরুণ বাসফোর, প্রচার সম্পাদক শ্রী আমান বাসফোর, দপ্তর সম্পাদক শ্রী রণি বাসফোর এবং ক্রীড়া সম্পাদক শ্রী অর্জুন বাসফোরসহ অন্যান্য সদস্যরা।
একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি রুবেল বাসফোর বলেন, আমাদের এলাকায় মাদক প্রতিরোধে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই আয়োজন করা হয়েছে। যাতে যুবসমাজ খেলাধুলায় যুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরে আসে।
তিনি আরও জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









