বলিউড অভিনেতা রণবীর সিং ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডাব্লিউআইসিই)-এর মধ্যে চলমান বিরোধ এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। ‘ডন ৩’ সিনেমা থেকে রণবীরের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে সংগঠনটির জারি করা ‘নন-কোঅপারেশন’ নির্দেশনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২ জুন এফডাব্লিউআইসিই-এর কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রণবীর সিং। যদিও সেই নোটিশের নির্দিষ্ট দাবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে ঘটনাটি বলিউডে চলমান শিল্প-সংক্রান্ত বিরোধে নতুন মাত্রা যোগ করেছে।
বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’ থেকে রণবীরের সরে যাওয়ার খবর ঘিরে। ছবিটি পরিচালনা করছেন ফারহান আখতার, আর প্রযোজনায় রয়েছেন রিতেশ সিধওয়ানি। অভিযোগ অনুযায়ী, প্রযোজনার গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণবীর প্রকল্পটি ছেড়ে দেন।
এফডাব্লিউআইসিই-এর দাবি, সিনেমাটির প্রি-প্রোডাকশনেই প্রায় ৪৫ কোটি রুপি ব্যয় হয়েছে। ফলে অভিনেতার সরে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এর পরই সংগঠনটি তাদের সদস্যদের উদ্দেশে নির্দেশনা দেয়—রণবীর সিং যুক্ত কোনো প্রকল্পে কাজ না করার জন্য।
সংগঠনটির উপদেষ্টা অশোক পণ্ডিত এক সংবাদ সম্মেলনে জানান, বিষয়টি নিয়ে একাধিকবার রণবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, “আমাদের কোনো সদস্য বা কর্মী রণবীর সিংয়ের প্রকল্পে কাজ করবে না। আমরা প্রযোজকদেরও একই অবস্থান নিতে আহ্বান জানিয়েছি।”
তবে ‘নিষেধাজ্ঞা’ শব্দটি নিয়ে সমালোচনা শুরু হলে পরে অশোক পণ্ডিত স্পষ্ট করেন, এটি আনুষ্ঠানিক ‘ব্যান’ নয়; বরং একটি অস্থায়ী ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা।
অন্যদিকে, এফডাব্লিউআইসিই-এর ঘোষণার পর রণবীর সিং সরাসরি কোনো মন্তব্য না করলেও তার মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, তিনি চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত সবার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক পারস্পরিক সম্মান, পরিপক্বতা এবং মর্যাদার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত—এই বিশ্বাস থেকেই তিনি বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছেন।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘ডন ৩’। সে সময় একটি টিজারের মাধ্যমে নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিংকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে নানা কারণে ছবিটির কাজ বিলম্বিত হয় এবং ২০২৫ সালের শেষ দিকে প্রি-প্রোডাকশন শুরু হয়।
এখন এফডাব্লিউআইসিই-এর সঙ্গে আইনি দ্বন্দ্ব এবং রণবীরের ভবিষ্যৎ অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ‘ডন ৩’-এর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









