আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই এ সফর—এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে নেওয়া একটি প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এর সুফল এখনো পুরোপুরি পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে এলাকায় জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে রয়ে গেছে।
এই প্রেক্ষাপটে সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রীর আশা, সিটি কর্পোরেশনের সরাসরি তদারকিতে এবার কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাবে।
তিনি আরও জানান, শুধু জলাবদ্ধতা নয়—এলাকার বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাও সিটি কর্পোরেশন তদারকি করবে, যা সামগ্রিকভাবে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেনেজ উন্নয়ন কাজের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যেই এলাকাবাসীকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









