মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় সরকার নতুন শ্রমবাজার খুঁজছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়া, জাপান, কোরিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
মন্ত্রী জানান, জাপান ও কোরিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে ইতোমধ্যে জাপানি ভাষা শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব এসব দেশে শ্রমবাজার খুলে দেওয়া যাবে।
দক্ষ জনশক্তি গড়ে তোলাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘সরকার বিভিন্নভাবে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করছে এবং এ জন্য কিছুটা সময় প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘শুধু সাধারণ শ্রমিক নয়, প্রশিক্ষিত কর্মী হিসেবে বিদেশে যেতে হবে। তিনি আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।’’
বিভিন্ন দেশে আটক থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে আরিফুল হক চৌধুরী জানান, অতীতে অবৈধভাবে বিদেশে যাওয়া বা বিভিন্ন জটিলতায় পড়ে অনেকেই কারাগারে আটক রয়েছেন; অনেকে অর্থাভাবে দেশে ফিরতে পারছেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা জটিলতা, চাকরির অনুমতি ও অন্যান্য সমস্যার সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী।
একই দিনে সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ‘‘জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’’
এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারলে বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’’
এ অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণ বিবেচনায় দুই শতাধিক উপকারভোগীকে আর্থিক অনুদান দেওয়া হয়।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ উপস্থাপনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









