মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ বছরের শিশু আতিকা আক্তার হত্যা মামলার প্রধান আসামি কিশোর নাঈম ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত আতিকা আক্তারের মা আরিফা আক্তার বাদি হয়ে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত ১৫ বছরের কিশোর নাঈম ইসলাম সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল দক্ষিণপাড়া এলাকার নিহত পান্নু মিয়ার ছেলে।
মামলার আসামিরা হলেন, কিশোর নাঈম ইসলাম (১৫) ও তার বাবা নিহত পান্নু মিয়া (৪৫) চাচা নিহত ফজলু মিয়া (৩০) নাজমুল হোসেন (২৪) এবং রনি মিয়া (২২)।
এজহার পত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশু আতিকা আক্তার এবং সর্বশেষ প্রতিবেশী কিশোর নাঈম ইসলামের সাথে শিশু আতিকাকে দেখা যায়। তার কিছুক্ষণ পর আতিকা আক্তারকে আর খোঁজে পাওয়া যায় না। এরপর আতিকার পরিবারসহ এলাকাবাসী নাঈম ইসলামকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি দেখালে নাঈম ইসলাম এলাকাবাসীকে প্রতিবেশী শামছুলের ভুট্টাক্ষেতে নিয়ে গেলে ক্ষেতের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকা আক্তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পরে লোকজনের ভিড়ের মধ্যে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় নাঈম ইসলাম। এরপর উত্তেজিত এলাকাবাসী নাঈমের বাড়িতে হামলা চালা নাঈমের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। আর নাঈমের বড় ভাই নাজমুল ইসলাম গুরুতর আহত হয়। বর্তমানে আহত নাজমুল ইসলামকে পুলিশের হেফাজতে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে নাঈম ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় নিহত আতিকা আক্তারের মা আরিফা আক্তার বাদি হয়ে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করেছে। তবে গণপিটুনিতে নিহতদের পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে শিশু আতিকা আক্তার এবং গণপিটুনিতে নিহত পান্নু মিয়া ও ফজলু মিয়ার মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









