বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে একজন নিহত ও আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪ নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে যাওয়ার সময় কচুরছড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে চালকসহ মোট তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং (৭০) মারা যান।
নিহত লাংতুব মুরং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরং-এর ছেলে।
এদিকে দুর্ঘটনায় আহত বাকি দুইজন বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন—মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫)।
চালক রিংরাউ আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং আহত আরোহী লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা।
আলীকদম থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









