সুন্দরবনের বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে ফিরিয়ে দিয়েছে গ্রামবাসী। হরিণটি পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুর পাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়।
পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পাড় হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে।
উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের অভ্যন্তরে হরিনটি নিরাপদে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









