কক্সবাজারের টেকনাফ উপজেলার লবণঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ধাওয়া খেয়ে এক মাদক পাচারকারী নাফ নদীর কেওড়া বাগান সংলগ্ন এলাকায় ইয়াবা ফেলে পালিয়েছে। পরে অভিযান চালিয়ে ১৫ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটেলিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের লবণঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রবিবার (১৯ এপ্রিল) সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরিকল্পনা অনুযায়ী, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে বিজিবির একটি আভিযানিক দল লবণঘাট এলাকায় কৌশলগত অবস্থান নেয়। প্রায় ১০ মিনিট পর মিয়ানমার থেকে নৌকাযোগে আসা চোরাকারবারীরা ইয়াবার চালান এক ব্যক্তির কাছে হস্তান্তর করে।
পরে ওই ব্যক্তি ইয়াবার ব্যাগ নিয়ে কেওড়া বাগান অতিক্রম করে বেড়িবাঁধে ওঠার সময় বিজিবির নজরে পড়ে। এ সময় তাকে আটক করতে ধাওয়া দিলে পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ইয়াবার ব্যাগটি নাফ নদীতে ফেলে সাঁতরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় দুটি প্যাকেট থেকে সর্বমোট ১৫,১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানায়, আভিযানিক দলের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









