কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাশেদ আলী (৩৫), তিনি বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের বড় ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাশেদ এবং তার ছোট ভাই জহুরুলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়শই তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ লেগে থাকত। সোমবার দিবাগত রাতে সেই পুরনো বিরোধ নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই জহুরুল এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বড় ভাইকে।
পরে গুরুত্বর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ঘাতক ভাই জহুরুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপন করেছে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









