পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দাশুড়িয়া-পাকশি মহাসড়কের পাকশি এলাকায় ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার রিতু ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সাথে সিএনজিতে চড়ে পাকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকশি এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজির চাকার সাথে তার ওড়নাটি অসাবধানতাবশত পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ওড়নার টানে গলায় ফাঁস লেগে তিনি সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









