কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের অশোভনীয় আচরণসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে তাকে স্কুল থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে রৌমারী উপজেলা চত্বরে আসে পরে সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির স্যার দীর্ঘদিন দায়িত্বে অবহেলা করে আসছেন এবং শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। তিনি নিয়মিতভাবে ক্লাস নেন না। ফলে আমাদের পাঠ্যসূচি যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। তাছাড়া অশোভন আচরণ আমাদের জন্য মানুষিকভাবে কষ্টদায়ক এবং শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এর ফলে আমরা বিষয়টি সঠিকভাবে আয়ত্ত করতে পারছি না। শিক্ষা জীবন যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য প্রশাসনের নিকট আমাদের দাবি, ঐ শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করে ভালো একটি শিক্ষক দিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আনতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, “আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবির মাঝে মাঝে স্কুলে এসে শুধু হাজিরা খাতায় সই করে চলে যায়। ক্লাসে যায় না। এ বিষয়ে ম্যানেজিং কমিটিসহ তাকে অনেক বুঝিয়েছি। তিনি এসব কিছু মনে করেন না।”
উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









