বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে বর্জ্য: অবশেষে সরালো গাসিক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে বর্জ্য: অবশেষে সরালো গাসিক

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে রাতের আঁধারে ফেলে রাখা বর্জ্য অবশেষে অপসারণ করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে খননযন্ত্র ও ট্রাকের সাহায্যে এসব বর্জ্য সরিয়ে নেওয়া হয়।

বর্জ্য অপসারণের বিষয়টি নিশ্চিত করে গাজিপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা বলেন, “কারা এসব বর্জ্য ফেলেছে তা শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরো বলেন, “আমরা কোথাও ময়লা ফেলি না, আমরা কেবল অপসারণের কাজ করি। ময়লা ফেলা আমাদের কাজ নয়।”

এরআগে, বুধবার ভোরে উদ্যানের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। এতে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে এবং দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে ওঠে। এমনকি জরুরি প্রয়োজনে উদ্যানে যানবাহন প্রবেশেও প্রতিবন্ধকতা তৈরি হয়।

ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ায় সিটি করপোরেশন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 

তিনি বলেন, “বর্জ্য সরানোর সময় সিটি করপোরেশনের লোকজন জানিয়েছে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হবে। ময়লার ভাগাড়কে কেন্দ্র করে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের আইনি ও প্রশাসনিক টানাপোড়েন চলছে। এর মধ্যে পার্কের গেটে এভাবে ময়লা ফেলে রাখা ঘটনাটি উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে।”

ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানাপ্রাচীরের ভেতরে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) বা বর্জ্য সংরক্ষণাগার নির্মাণ করছে গাজীপুর সিটি করপোরেশন। বন বিভাগের আপত্তি ও আইনি জটিলতা থাকা সত্ত্বেও এ নির্মাণকাজ চলমান রয়েছে। 

পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, উদ্যানের দেয়াল ভেঙে জোরপূর্বক এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা একটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপ্রত্যাশিত আচরণ।

শি/গা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.