বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেহেন্দিগঞ্জে তরুণীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

মেহেন্দিগঞ্জে তরুণীকে ধর্ষণের চেষ্টা

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘুরতে আসা এক প্রেমিক যুগলের ওপর হামলা, ছিনতাই এবং তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াছিন হাওলাদার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বাসিন্দা, ঘটনার আগে থেকেই ওই যুগলকে অনুসরণ করছিলেন তিনি। একপর্যায়ে তাদের কাছে গিয়ে কথা বলার সময় হঠাৎ হামলা চালিয়ে প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন। পরে প্রেমিকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য করা হয়।

এরপর অভিযুক্ত তরুণীকে জোরপূর্বক নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।

তরুণীর চিৎকারে আশপাশের পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা ভুক্তভোগী তরুণ-তরুণীকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। দিনের বেলায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারেরও দাবি তুলেছেন তারা।

আ/ব/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.