ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন এক মা। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ধুলজুড়ী গ্রামের বাসিন্দা পিয়ার আলীর স্ত্রী চায়না বেগম।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় থানায় এ অভিযোগ দায়ের করা হয়। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরও একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজু মোল্লা (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। বুধবার সকালে নেশার টাকা না পেয়ে তিনি মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। দীর্ঘদিন ধরে এমন নির্যাতনের শিকার হলেও সামাজিক সম্মানের কথা ভেবে তারা এতদিন বিষয়টি সহ্য করে আসছিলেন। তবে সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় বাধ্য হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভুক্তভোগী চায়না বেগম বলেন, নিজের সন্তান হলেও তার এমন আচরণে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নেশার প্রভাবে তার ছেলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি তাকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন।
ভুক্তভোগী চায়না বেগমের বাবা অলিয়ার সরদার (৭৫) বলেন, ‘‘নেশার টাকার জন্য তার নাতি নিয়মিত তার মেয়ে ও জামাইকে মারধর করে আসছে, যা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না।’’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, তিনি সদ্য থানায় যোগদান করেছেন এবং ছেলের বিরুদ্ধে মায়ের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









