বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় মামলা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থ বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে উভয় সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং দলীয় একটি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

মামলার বাদী ও কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থ অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু ছাত্রশিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। তারা আমাদের নেতাকর্মীদের মারধর করেছে এবং অফিস ভাঙচুর করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

​অন্যদিকে, অভিযোগের বিষয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান বলেন, “গত বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রশিবির কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা বিশ্বাস করে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা যখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে যাই, তখনই একটি স্বার্থান্বেষী মহল প্রগতিশীল ছাত্র রাজনীতিকে বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক আচরণ শুরু করে।”

​মামলা প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমাদের সংগঠনের নেতাকর্মীদের নামে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। ক্যাম্পাসে আমাদের সাধারণ কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, অথচ উল্টো আমাদেরই আসামি করা হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করতেই এই মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়েছে বলে আমরা মনে করি।”

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

হা/ঈ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.