মানিকগঞ্জ জেলার সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ওহেদ খন্দকারের হাতে বড় ভাই নজরুল খন্দকার(৬২) নামের এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত নজরুল খন্দকারের ছেলে অভি খন্দকার(২৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে উপজেলার সিংগাইর পৌরসভা ৫ নং ওয়ার্ড গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-নজরুল খন্দকার ওই এলাকার মৃত.গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান- নজরুল খন্দকার এবং ওহেদ খন্দকার এই দুই ভাই ও ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ন জমির সমাধানের জন্য স্থানীয় মুরুব্বীদের নিয়ে শুক্রবার বিকেলে উভয় পক্ষের উপস্থিতিতে গ্রাম্য সালিশর আয়োজন করা হয়। সালিশির এক পর্যায়ে অভিযুক্ত ওহেদ ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে সংঘর্ষ বাধায় এবং তার বড় ভাইয়ের উপর আক্রমণ করে। এ সময় ওহেদ ও তার লোকজন নজরুল খন্দকারকে আঘাত ও লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পরে। অপরদিকে তার ছেলে অভি খন্দকারকেও ইট দিয়ে আঘাত করা হয়। এতে পিতাপুত্র দুজনেই মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে। এদিকে,নিহত নজরুল খন্দকারের ছেলে অভি খন্দকার গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ওহেদ খন্দকার পলাতক আছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









