শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পরই ব্যক্তিখাতের শিল্প কারখানায় সরবরাহ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—বিষয়টি এমন নয়। বরং বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইনটেনসিভ কারখানার পরিবর্তে লেস ফুয়েল ইনটেনসিভ কারখানা গড়ে তোলার আহ্বান জানান।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ সংশ্লিষ্টরা।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে তারা শিল্পপল্লীর অন্যান্য প্লটও ঘুরে দেখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









