শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বরিশাল গড়তে মে-জুন ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বরিশাল গড়তে মে-জুন ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

পরিকল্পিত উন্নয়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের সমন্বয়ে বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। এ উদ্যোগের অংশ হিসেবে শনিবার (২৫ এপ্রিল) সকালে নগরীতে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উদ্যোগের উদ্বোধন করেন এবং নিজ হাতে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শিরীন বলেন, একটি শহরের সৌন্দর্য শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক সচেতনতার সমন্বয়েই গড়ে ওঠে একটি সত্যিকার অর্থে বাসযোগ্য নগর। 

তিনি আরও বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

তিনি জানান, ‘পরিচ্ছন্নতার মাস’ উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খাল-নালা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার, সচেতনতামূলক প্রচারাভিযান এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগসমূহ সমন্বিতভাবে কাজ করবে।

এ-সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করে নগরবাসীকেও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরীর পরিবেশগত মান উন্নত হওয়ার পাশাপাশি নাগরিক জীবন হবে আরও স্বাস্থ্যকর, নিরাপদ ও স্বস্তিদায়ক।


 

আদনান/বরিশাল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.