শিশুদের নৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় “কাব হলিডে” ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটরা অংশগ্রহণ করে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খানসামা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস খানসামা শাখার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, কাব হলিডে কার্যক্রম শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুর রায়হান, কমিশনার নুরুল ইসলাম, যুগ্ম কমিশনার মোফাজ্জল হোসেন মোফা, কাব লিডার খলিলুর রহমান, প্রশিক্ষকবৃন্দসহ উপজেলা পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, দলগত কার্যক্রম ও সৃজনশীল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষ জানান, কাব হলিডে কর্মসূচির মাধ্যমে শিশুদের ছুটির সময়কে আনন্দময় ও ফলপ্রসূ করে তোলা হবে; পাশাপাশি ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









