গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ৬-৭ জনের একটি দল বাড়ির বারান্দার গ্রিল কেটে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল বলে জানিয়েছে পরিবারটি। ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলেও জানান ভুক্তভোগীরা।
ঘটনাস্থল ত্যাগ করার সময় ডাকাতরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। পরে বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা তাদের ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছাড়াও কিছু জমির দলিল নিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









