দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দেশের কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে। শনিবার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে খাল ও নদী-নালা খননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ না করায় দেশের বহু জলাধার শুকিয়ে গেছে, যার ফলে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিকল্পনার আওতায় খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষির টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি এ অঞ্চলের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও বাস্তবায়ন করা হবে। দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার জনগণের সেবায় নিবেদিত এবং কোনো ধরনের বৈষম্য না করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর দায়ের হওয়া বেশিরভাগ মামলা অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা থেকে উদ্ভূত এবং বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হচ্ছে না। তিনি সকলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন এবং প্রতিহিংসাবশত কাউকে মামলায় জড়ানো হবে না বলে জানান।
সালথা এলাকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, তবে গোষ্ঠীগত প্রভাবে পুলিশের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক না কেন, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









