ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরা (বিএডিসি) খামারের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট, বালু, পাথর আর রড ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ইসতিয়াক কনস্ট্রাকসন মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরা কৃষি খামারে ৫৭৫ মিটার সীমানা প্রাচীর নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। ৫৭৫ মিটার সীমানা প্রাচীর নির্মাণে কত টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে তা ঠিকাদার প্রতিষ্ঠান এমনকি বিএডিসির প্রকৌশলী মো. মামুন রহমানও জানেন না বলে জানান গণমাধ্যমকর্মীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক খামারের কয়েকজন শ্রমিক জানান, নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও যেন মুখে কুলুপ আটকে আছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরমক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে প্রাচীর নির্মাণে। যার বেশিরভাগই ২ নম্বর ইট ও নিন্মমানের বালু ব্যবহার করা হচ্ছে। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করছেন তারা। তবে স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তাদের কোনো কথাই শুনেননি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে সাংবাদিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করলে নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হবে বলে জানান। কিন্তু কয়েকদিন পর গিয়ে দেখা যায় সেই নিম্নমানের ইট, বালু দিয়েই কাজ চলছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার রেজা হোসেন নিম্নমানের ইট ও বালু ব্যবহারের কথা স্বীকার করে বলেন এ সমস্ত মালামালগুলো এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
বিএডিসির প্রকৌশলী মো. মামুন বলেন, মথুরা ফার্মে যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে আমি সেখানে পরিদর্শন করেছি। কাজের সাইডে যে ইট ব্যবহার করা হচ্ছে সে ইটগুলো নিম্নমানের হওয়ায় ইটগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









