সৌদি আরবের পবিত্র হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম প্রধান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাগলা গ্রামের বাসিন্দা ও মৃত মর্জত আলী প্রধানের ছেলে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে সিরাজুল ইসলামের ছেলে এ তথ্য নিশ্চিত করে।
শুক্রবার (২৪ এপ্রিল) মক্কা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল ইসলাম প্রধান। এর আগে শুক্রবার সকাল থেকে সিরাজুল ইসলামের প্রধানের লোকজন সিরাজুল ইসলাম প্রধান সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে হারিয়ে গিয়েছে এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিখোঁজ বিজ্ঞপ্তি দিচ্ছিল। সিরাজুল ইসলামের পরিচিতরা রবিবার সকালে সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে সিরাজুল ইসলামের মরদেহটি সনাক্ত করেন।
সিরাজ উদ্দিনের ছেলে এনামুল হক পারভেজ বলেন, আমার বাবা পবিত্র হজ পালন করার জন্য গত ২/৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করে।
গত শুক্রবার নামাজ শেষে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে হোটেলে ফেরার পথে পা-পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।পরে সেখানে দায়িত্বরত লোকজন হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে খবর আসে বাবা মারা গেছেন।আজ সকালে বাবার সহযাত্রীরা গিয়ে মক্কা নগরীর একটি হাসপাতালে মরদেহটি সনাক্ত করেন।
তিনি আরো বলেন, রবিবার আছরের নামাজের পর নামাজে জানাযা শেষে তাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে।
নিহত সিরাজুল ইসলামের স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









