বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটোনের বাড়ি যশোরের খড়কীতে

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটোনের বাড়ি যশোরের খড়কীতে

রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত দেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটোনের (৫৭) গ্রামের বাড়ি যশোর শহরের খড়কী এলাকার ‘আপনের মোড়ে’।  

স্থানীয় সূত্র জানায়, টিটোনের বাবা খন্দকার ফখরুদ্দিন খুলনা জুট মিলের একজন পদস্থ কর্মকর্তা ছিলেন। তাদের পরিবারে সাত ভাই ও পাঁচ বোন। ভাইদের মধ্যে বড় রিপন ও তপন বর্তমানে যশোরে বসবাস করেন। অন্যরা দেশের বিভিন্ন স্থানে থাকেন।

টিটোন যশোরের আরেক আলোচিত সন্ত্রাসী টুটুলের আপন ভাই। টুটুল ২০০০ সালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ারে নিহত হন। স্থানীয়দের ভাষ্য, ৯০-এর দশকের শুরুতে টিটোন ও টুটুল রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন তারা।

খড়কী এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টিটোন বহু বছর যশোরে নিয়মিত থাকতেন না। মাঝে মাঝে আসতেন। তবে এলাকায় তার নাম শুনলেই মানুষ ভয় পেত।”

স্থানীয় সূত্র আরো জানায়, ১৯৯৬ সালের পর দুই ভাই ঢাকায় চলে যান। এরপর ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করে অপরাধ জগতে প্রভাব বিস্তার করেন। এক সময় টিটোন রাজধানীর অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিতি পান।

২০০১ সালে তৎকালীন সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটোনের নাম দুই নম্বরে ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, অস্ত্র ও মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র দাবি করেছে, কারামুক্ত হওয়ার পরও টিটোন আবার অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। যশোর-ঢাকা রুটে তার একটি অস্ত্র চোরাচালান নেটওয়ার্ক ছিল বলেও অভিযোগ রয়েছে।

নিউমার্কেট থানার একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন বটতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। খুব কাছ থেকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার (২৮ এপ্রিল) সকালে টিটোনের বড় ভাই রিপন মরদেহ আনার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফা/য/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.