সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক ১

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক ১

কুষ্টিয়া সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র, বিস্ফোরক, বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) গত দুই দিনে এসব পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে চিলমারী বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর উপজেলার ছলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. মঙ্গল মোল্লা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মঙ্গল মোল্লা ওই এলাকার মো. মালেক মোল্লার ছেলে। 

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি হাতবোমা, ১টি দেশীয় হাসুয়া এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

একই দিন ভোর সাড়ে ৪টার সময় পশ্চিম ধর্মদাহ বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৩৪০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট (৭৪০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

পৃথক আরও দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডার পাড়া মাঠ থেকে ৬ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। এছাড়া ২৬ এপ্রিল দুপুরে রংমহল বিওপির সদস্যরা কাজীপাড়া পাকরতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৪৫ কেজি ভারতীয় ডিএপি সার জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২২ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করছে।

তিনি আরও বলেন, ‘‘নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

কু/কু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.