সিরাজগঞ্জের তাড়াশে জমিতে জমে থাকা পানি নিস্কাষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কিশোরীসহ অনন্ত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার তালম ইউনিয়নের উপর সিলট গ্রামে এ ঘটনা ঘটে।
উভয় পক্ষের আহতরা হলেন- সুমি আক্তার (১৫), মজনু মিয়া (৪৫), আকবর আলী (৬৫), আব্দুল খালেকসহ (৫৫) সাত জন। তাদেরকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপর সিলট গ্রামের বাসিন্দা মো. আকবর আলীর একটি ব্যক্তি মালিকানাধীন পুকুরে মাছ চাষ করে। একই সঙ্গে মাছ চাষ করা পুকুর সংলগ্ন একই গ্রামের আব্দুল খালেকের কিছু ফসলি জমি আছে। রবিবার (২৬ এপ্রিল) বৃষ্টির কারণে খালেকের বোরো ধানের জমিতে পানি জমে যায়। যা পরিমানে বেশি এবং আধা-পাকা ধানের ক্ষতি হতে পারে তাই কৃষক খালেক ধান রক্ষায় জমির আইল কেটে আকবর আলীর পুকুরে পানি নিস্কাষণ করতে শুরু করেন।
এ দিকে জমির রোগ-জীবাণু আছে এমন পানি পুকুরে ঢুকলে চাষ করা মাছের ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় পুকুর মালিক আকবর আলী জমির মালিক আব্দুল খালেককে পানি পুকুরে নিস্কাষণ করতে বারণ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্য্যায়ে দুই পক্ষের লোকজন জমে যায় এবং তারা কথা-কাটাকাটি করতে থাকেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি, হাসুয়া, রড়সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের সাত জন গুরুতর আহত হন।
এ প্রসঙ্গে সোমবার বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









