কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মিমতাজুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, ব্রিজে ওঠার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে প্রাণ হারান।
চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মনজুর আলম বলেন, “বিষয়টি জানার পরপরই আইন শৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









