সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আহরণ নিষিদ্ধ ৫০ বস্তা শামুক/ঝিনুক আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ বস্তা যা আনুমানিক ২২৫০ কেজি শামুক/ঝিনুক জব্দ করে।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামুকগুলো কক্সবাজারে নুর আলম নামের এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ কাজে শ্যামনগর উপজেলার মো. হানজালা পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল ১(গ) তালিকাভুক্ত ধরা, পরিবহন, বাণিজ্য নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায় আটককৃত শামুক ও ঝিনুক বনবিভাগের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, ইতঃপূর্বে বনবিভাগ কর্তৃক কয়েকবার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শামুক/ঝিনুক আটক করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









