পাবনার ঈশ্বরদীতে রেলগেট লেভেল ক্রসিং খোলা থাকায় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবোঝাই ট্রাক।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরদী শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকচালক সোহেল রানা বাবর এবং তার ছেলে (হেলপার) মো. হিমেল মৃদু আহত হন। তাদের বাড়ি রাজশাহী জেলায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণত নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ রাখা হলেও, এই দুর্ঘটনার সময় একটি সান্টিং ট্রেন ক্রসিংটি অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক লাইনের ওপর চলে এলে ট্রেনটির সাথে সেটির সংঘর্ষ ঘটে। মুহূর্তেই ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর উঠে যায়, ফলে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
ট্রাকচালক মো. বাবু বলেন, “গেট খোলা দেখে তার সামনের কয়েকটি ট্রাক নির্বিঘ্নে লাইন পার হয়ে যায়। তিনিও যখন ট্রাকটি নিয়ে রেললাইনে ওঠেন, ঠিক সেই মুহূর্তে একটি ট্রেন এসে ট্রাকের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে ট্রাকটি ছিটকে গিয়ে রেললাইনের ওপর আটকে পড়ে।”
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টরকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দায়িত্বরত গেটম্যান বা সংশ্লিষ্ট কারও অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি লাইনের ওপর আটকে থাকায় সাময়িকভাবে একটি লাইন দিয়ে চলাচল বন্ধ রাখা হয়। তবে বিকল্প লাইন সচল থাকায় ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









