দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান।
সকালে র্যালিটি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় এবং শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









