রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ মামলার মূলহোতা লামীন ইসলাম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের পূবাইল এলাকার কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল। দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোড এলাকায় পৌঁছালে লামীনসহ ৬ থেকে ৭ জন যুবক জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে পূবাইল এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এর আগে এ মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আতিকুর রহমান জানান,অপহৃত স্কুল ছাত্রী এবং অপহরণের মূলহোতা পুলিশ হেফাজতে রয়েছে।যেহেতু মামলাটি ওই থানায় তাই ওই থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত পদক্ষেপ নিবে।
উত্তরা পূর্ব থানার সূত্রে জানা গেছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









