গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রাজ্জাক শিকদারের স্ত্রী।
শনিবার (২ মে) ভোরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে সালেহা বেগম প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, পারিবারিক জমির দলিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে তারা ওই বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে মাকে না পেয়ে খুঁজতে খুঁজতে আব্দুল হাকিমের বাড়ির সামনে গিয়ে দেখেন, ইজিবাইকের চাকার নিচে মায়ের নিথর অবস্থায় পড়ে আছে।
ইজিবাইকের মালিক আব্দুল হাকিম শেখ জানান, মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনি ঘটনাস্থলে গিয়ে সালেহা বেগমকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে ঘরে নেওয়া হলে বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









