বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, “জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভিতরে যে সকল অঙ্গীকার ছিল তার পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দিয়েছেন। সরকারের দায়িত্ব এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মানুষ যে সমর্থন দিয়েছে সেটি কার্যকর করা।”
শনিবার (০২ মে) দুপুরে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ডাক দিয়ে যাই অডিটরিয়ামে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে। ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়িত করার অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছিল।”
তিনি আরো বলেন, “আজ যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সেটা জাতির সাথে প্রতারণা করার সামিল। জুলাই সনদ নিয়ে টাল-বাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি সরকারের কাছে। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণ তাদের দাবি আদায় করার জন্য অতীতে যেভাবে রাজপথে নেমেছিল আগামীতেও তাদের দাবি আদায়ে রাজপথে নামবে।”
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হকসহ জেলা-উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









