ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ছনকান্দা-হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের খিরুনদীর উপর সংযোগ সেতুটি নির্মাণকাজ শেষ হওয়ার ১০ দিন না যেতেই দুই পাড় আংশিক ধসে পড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সেতুর বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, সাবেক এমপি আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী সাহেব ২০২০ সালের ২৪ ডিসেম্বর ৯৬.০০ মিটার ব্রিজ উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মির্জা কনস্ট্রাকশন অ্যান্ড সালমান এন্টারপ্রাইজ। ৯৬ মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ হওয়ার আগেই কয়েকদিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।
সেতুর দুই প্রান্তের মাটি ধসে পড়ায় কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তার পাশের মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. এনামুল হক খা বলেন, ‘‘সবেমাত্র কাজ শেষ হয়েছে এরমধ্যেই যদি পাড় ধসে পড়ে, তাহলে বর্ষাকালে কী হবে? কোটি কোটি টাকা খরচ করে এমন নিম্নমানের কাজ মানুষ মেনে নিতে পারছে না। মানুষ খুব ভয় নিয়ে চলাচল করছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’’
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, ‘‘সঠিকভাবে মাটি ভরাট ও কম্প্যাকশন করা হয়নি। নিম্নমানের কাজের কারণেই সামান্য বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। হেমন্তের জন্য করা কাজ বর্ষায় কি টিকবে? এখন যদি এমন হয়, তাহলে সামনে পুরো রাস্তা ভেঙে যাবে। মানুষ খুব ভয় নিয়ে চলাচল করছে। সূর্য ওঠার আগেই পোশাক কারখানার কর্মীরা চলাচল করে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মির্জা কনস্ট্রাকশন অ্যান্ড সালমান এন্টারপ্রাইজ প্রতিনিধির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা প্রকল্পের গুণগতমান তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, উন্নয়নের নামে নিম্নমানের কাজ করে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









