রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে খাল খননে অনিয়ম রোধে সতর্কতা এমপি বাচ্চুর

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৩২ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:৩২ পিএম

গাজীপুরে খাল খননে অনিয়ম রোধে সতর্কতা এমপি বাচ্চুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাচ্চু বলেন, “অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান বাংলাদেশে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অর্থ পাচার মেনে নেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”

তিনি উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘খাল খনন কাজে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে এবং যথাযথ তদারকির মাধ্যমে স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ সম্পন্ন করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘অতীতে খাল খননের নামে অর্থ লুটপাট করা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। জনগণ এখন সচেতন ও দায়িত্বশীল হওয়ায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’’

এমপি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। খাল দুটি পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয়রা সেচ সুবিধা ফিরে পাবে এবং এলাকার ঐতিহ্য পুনরুদ্ধার হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএ চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি পুনঃখনন করা হচ্ছে। পারুলিয়া খালের ৩.৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা এবং বিন্দাই খালের ২.৪০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শি/গা/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.