বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেঘনা নদীতে কালবৈশাখীর তাণ্ডব, নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলে

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:০৪ পিএম

আপডেট: ০৩ মে ২০২৬, ০৩:০৪ পিএম

মেঘনা নদীতে কালবৈশাখীর তাণ্ডব, নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে প্রশাসন, নৌ-পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চললেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

প্রত্যক্ষদর্শী ও জীবিত উদ্ধার হওয়া জেলে মামুন জানান, বিকেলে চারজন মিলে নদীতে জাল তুলছিলেন তারা। হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রচণ্ড দমকা হাওয়া ও ঘূর্ণি ঢেউয়ের সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে চারজনই নদীতে ছিটকে পড়েন। মামুন ও আজিম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিপন ও জুয়েল চোখের পলকে স্রোতের টানে তলিয়ে যান।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েন। কিন্তু তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে, যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা যায়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন সক্রিয় হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

হিজলা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই জেলের স্বজনরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় দিন গুনছেন।
 

আ/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.