চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
রবিবার (৩ মে) সকালে পরিচালিত অভিযানে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, অভিযানে অননুমোদিত রং ও ফ্লেভার, লাইসেন্সহীনভাবে আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না করা পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ফ্রিজে থাকা অননুমোদিত রং ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়াও মুন্সিগজ্ঞ বাজারে তেলের দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের দল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









