লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ এর আওতায় হোসনাবাদ (জিয়া খাল) বড়ঝার মসজিদের সামনে থেকে সরওয়ার্দী বাড়ির খুটামারা নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রবিবার (৩ মে) হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পটির উদ্বোধন করা হয়।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খুটামারা খাল খনন করেন বলে স্থানীয়দের কাছে জিয়া খাল হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনে সমস্যা হয়ে আসছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তারা। ১.৯৫ কিলোমিটার লম্বা ও পারসহ ১৪.৯০ মিটার প্রস্থ প্রকল্পটির খনন ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা প্রায়।
৪৩ দিনের এই প্রকল্পটিতে প্রতিদিন ৫০০ টাকা করে ৫১৬ জন উপকার ভোগী খাল খনন কাজ করবে।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব বলেন, “আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচন ইস্তেহারে খাল পুনঃখননের জন্য যে ওয়াদা করেছিলেন তারই ধারাবাহিকতায় আজকে পাটগ্রাম উপজেলায় এই খাল খনন, এই খালটার নামই ছিল জিয়া খাল। এই খাল পুনঃখননের কাজ আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
তিনি আরো বলেন, “আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই জন্য কৃষকদের যাতে করে উন্নয়ন হয়, কৃষকের অধিক ফসল ফলানো যায় সেই চিন্তা থেকেই খাল খনন কর্মসূচি নিয়েছেন। এটার বিভিন্ন রকমের উপকারিতা আছে। খাল খননে যেমন পানির ব্যবস্থা হবে, যাতে করে কৃষির সুবিধা হবে, এছাড়াও এখানে একটা কর্মসংস্থান হবে এবং এই পানিতে আমরা মৎস্য চাষ করতে পারবো, খালের দুধারে ফলের গাছ লাগানো যাবে। ”
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দেব জন মিত্র, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









